নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রমজান (৩২) ও শান্ত (২২)। তাঁরা দুজনই সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি ক্যাম্প এলাকার বাসিন্দা।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের ওয়াটার ওয়ার্কস রোডে নিট কনসার্ন গার্মেন্টসের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার রমজান ওই এলাকার মোস্তাকিন ওরফে গফুর ভান্ডারীর ছেলে এবং শান্ত তাইজুল ইসলামের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ডিবির অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। ডিবির খ-জোনের পরিদর্শক রেজাউল ইসলাম ও উপপরিদর্শক বিপুল হোসেনের সমন্বয়ে গঠিত একটি দল অভিযানে অংশ নেয়।
অভিযানকালে তাঁদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ ২৫-৩২২১ নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন পেশাদার মাদক কারবারি। তাঁদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

