নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তার ক্যানসার এখন চতুর্থ স্টেজে পৌঁছেছে বলে তিনি নিজেই জানিয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে নিজের শারীরিক অসুস্থতার কথা তুলে ধরেন বিদেশে অবস্থানরত এই আওয়ামী লীগ নেতা। টকশোতে শামীম ওসমান বলেন, “আমি অসুস্থ, ক্যানসার হয়েছে। আমার ক্যানসার বলা হচ্ছে ফোর্থ স্টেজ।”
নিজের বেঁচে থাকা নিয়ে অনিশ্চয়তার কথাও জানান তিনি। বলেন, “আমি কয়দিন বাঁচব, আমি জানি না। তবে আমার আল্লাহর ওপর বিশ্বাস আছে, আমি বাঁচব।” ক্যানসারের খবর শুনে অনেকে খুশি হতে পারেন উল্লেখ করে এ নিয়ে খুশি না হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অতীতে নিজের ওপর একাধিকবার হামলা ও হত্যাচেষ্টার কথাও স্মরণ করেন।
অসুস্থতার পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন শামীম ওসমান। তার দাবি, দেশের বর্তমান পরিস্থিতি তার ব্যক্তিগত অসুস্থতার চেয়েও বেশি উদ্বেগজনক। তিনি দেশের বিভিন্ন স্থানে নির্যাতন, সহিংসতা ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ওপর হামলার অভিযোগ তোলেন। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের দুর্বলতার প্রসঙ্গে তিনি বলেন, একসময় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত, কোটাভিত্তিক রাজনীতি ও পকেট কমিটির কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে।
তার মতে, কেন্দ্রের ভুলের পাশাপাশি বিভাজনের রাজনীতিও দলকে ক্ষতিগ্রস্ত করেছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসা প্রয়োজন।
টকশোতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন শামীম ওসমান। তিনি বলেন, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখলে শেখ হাসিনার দেশে ফেরার ঘটনা দেখে কৃতজ্ঞ থাকবেন। আর যদি বেঁচে না থাকেন, তাহলে সেই আফসোস থেকে যাবে।
এছাড়া বিএনপি নেতাদের পাসপোর্ট ও বিদেশে যাওয়ার সুযোগ সীমিত করা হতে পারে বলেও দাবি করেন তিনি। তবে এ বিষয়ে নিজের শোনা তথ্যের সত্যতা নিশ্চিত নন বলে জানান।
*প্রসঙ্গত ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে দমন-পীড়ন চালানোর অভিযোগ রয়েছে শামীম ওসমানের বিরুদ্ধে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেন তিনি। পরে গোপনে দেশের বাইরে চলে যান। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাসহ বিভিন্ন মামলার বিচার চলছে।

