গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবিতে সারাদেশে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কেন্দ্রীয় ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্র জানায়, দেশের ৬৪ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভায় পর্যায়ক্রমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোনারগাঁয়ে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে পদযাত্রা ও সমাবেশ আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে মঞ্চ, প্রচার-প্রচারণা এবং সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ জানান, কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, কেন্দ্রীয় সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন উপস্থিত থাকার কথা রয়েছে।
তিনি বলেন, চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় দলীয় ত্রাণ কার্যক্রমে কেন্দ্রীয় নেতারা ব্যস্ত থাকায় সময়সূচিতে সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে নির্ধারিত কর্মসূচি সামনে রেখেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সমাবেশ শেষে নেতাকর্মীরা পরবর্তী কর্মসূচিতে অংশ নিতে মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা হবেন।
এনসিপি নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক শওকত আলী বলেন, গত বছরের জুলাই পদযাত্রায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলেছিল। সেই ধারাবাহিকতায় জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বাড়াতে আবারও ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সোনারগাঁয়ের কর্মসূচিও সফল করতে দলীয় নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন।
উল্লেখ্য, ২০২৫ সালেও এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জ সফর করেন। সে সময় চাষাঢ়ায় অনুষ্ঠিত বড় সমাবেশ ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং দলটির সাংগঠনিক সক্ষমতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়। এবারও সোনারগাঁর কর্মসূচিতে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি হবে বলে আশা করছে দলটি।

