নারায়ণগঞ্জের বন্দরে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দিতে গিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি মো. আব্দুল মালেক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর কঠোর সমালোচনা করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা।
বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে বায়তুল মোকাররমের খতিবের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাঁকে তওবা করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে খতিবের বক্তব্যে জামায়াতের অনুসারীদের ধর্মীয় অবস্থান নিয়ে প্রশ্ন তোলারও সমালোচনা করেন।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে বন্দরের দক্ষিণ লক্ষণখোলার ঐতিহাসিক পৌরসভা ফুটবল খেলার মাঠে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মুফাসসিরের বক্তব্যে এসব কথা বলেন আমির হামজা।
বায়তুল মোকাররমের খতিবকে উদ্দেশ করে আমির হামজা বলেন, ‘খতিব সাহেব ফতোয়া দিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যারা যায় তারা গোমরাহ। তাহলে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী কি গোমরাহ ছিলেন? আপনার তওবা করা উচিত।’
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর রাজনৈতিক পদ্ধতিতে ভুল থাকতে পারে। তবে যারা মন থেকে জামায়াতে ইসলামী করেন, তাঁদের ইখলাস নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। এ সময় জাতীয় মসজিদের খতিবকে নিয়ে কোনো কটূক্তি করে থাকলে দুঃখ প্রকাশ করেন তিনি। তবে খতিবের দেওয়া বক্তব্যে লাখো মানুষের মনে কষ্ট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন।
এদিকে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন আমির হামজা। তাঁকে উদ্দেশ করে তিনি বলেন, বয়োজ্যেষ্ঠ আলেমদের মুখ থেকে এমন কিছু শব্দ আসছে, যা গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্য দেওয়া ব্যক্তিদের মাইকের সামনে আনা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

