নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। হত্যাকাণ্ডের চারদিন পর ফতুল্লার নন্দলালপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকার মাইকেল (৪৫) ও তার ছেলে মো. আপন (২২)।
শনিবার (২৯ আগস্ট) রাত ৩টার দিকে ফতুল্লার নন্দলালপুরের উত্তর মহল্লা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (৩০ আগস্ট) দুপুরে র্যাব-১১ এর ক্যাপ্টেন মো. রওনক এরফান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ আগস্ট রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় সজীবকে হত্যার ঘটনা ঘটে। ওই সময় তিনি স্থানীয় একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। পূর্বশত্রুতার জেরে মাইকেল ও আপনসহ ১০ থেকে ১২ জনের একটি দল তার ওপর হামলা চালায় বলে র্যাবের দাবি।
হামলাকারীরা সজীবকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত সজীবের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের পাশাপাশি র্যাব-১১ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় ফতুল্লার নন্দলালপুর এলাকা থেকে মাইকেল ও তার ছেলে আপনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

