নারায়ণগঞ্জের বন্দরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজার আগমনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার (১৬ নভেম্বর) বন্দরের দক্ষিণ লক্ষণখোলায় একটি তাফসিরুল কোরআন মাহফিলে তাঁর প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। তবে তাঁর আগমনকে ঘিরে স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাদের মধ্যে দেখা দিয়েছে বিরোধ। এক পক্ষ মাহফিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, অন্য পক্ষ তাঁকে বন্দরে আসতে না দেওয়ার ঘোষণা দিয়েছে।
(১৬ নভেম্বর) সোমবার বাদ আসর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লক্ষণখোলা এলাকার ঐতিহাসিক পৌরসভা ফুটবল খেলার মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে আমির হামজার আগমনকে কেন্দ্র করে শনিবার (১৪ নভেম্বর) দক্ষিণ লক্ষণখোলার মাহমুদীয়া মাদ্রাসায় বিরোধিতাকারী বিভিন্ন সংগঠনের নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদ, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্থানীয় বিএনপির নেতারা অংশ নেন। বৈঠক থেকে আমির হামজার আগমন প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন কাসেমী জানিয়েছেন, তাঁরা মাহফিল আয়োজনের বিপক্ষে নন। তবে বিতর্কিত বক্তাকে নিয়ে তাঁদের আপত্তি রয়েছে। তাঁর বক্তব্যে এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে ইসলামী আন্দোলনের নেতা জহিরুল ইসলাম আমির হামজার আগমনের বিরোধিতা করে তাঁকে বন্দরে আসতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন। স্থানীয় বিএনপি নেতা মো. ফারুকও এ আয়োজন ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করার কথা জানিয়েছেন।
তবে আয়োজকদের দাবি, মাহফিল নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আয়োজক কমিটির পক্ষ থেকে মাওলানা আবু আবদুল্লাহ জানিয়েছেন, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেই মাহফিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনুষ্ঠান ঘিরে শান্তি বিনষ্ট হওয়ার কোনো কারণ নেই বলেও দাবি করেন তিনি।
এদিকে রোববার (১৫ নভেম্বর) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমির মাওলানা মইনুদ্দিন আহমাদ মাহফিলের প্রস্তুতি পরিদর্শন করেন। এ সময় তিনি আমির হামজার আগমন উপলক্ষে এলাকায় উৎসাহ-উদ্দীপনা রয়েছে বলে জানান এবং সর্বস্তরের মানুষকে মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বিরোধিতাকারী আলেমদেরও মাহফিলে এসে বক্তব্য শুনে আপত্তিকর কিছু থাকলে প্রতিবাদ করার আহ্বান জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিলে নারীদের জন্যও পৃথকভাবে ওয়াজ শোনার ব্যবস্থা রাখা হয়েছে।
সব মিলিয়ে সোমবারের মাহফিলকে কেন্দ্র করে বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকায় দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ধর্মীয় মাহফিলকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা সংঘাতের আশঙ্কা এড়াতে প্রশাসনের ভূমিকা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে মাহফিল অনুষ্ঠিত হবে কি না এবং মুফতি আমির হামজা বন্দরে আসতে পারবেন কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

