নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট সংলগ্ন আলমাস পয়েন্ট শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা বাড়াতে মহড়া ও প্রশিক্ষণের আয়োজন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় আয়োজিত এই মহড়ায় শোরুমের কর্মকর্তা-কর্মচারী, মার্কেটের ব্যবসায়ী ও পথচারীরা অংশ নেন।
মহড়ায় গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কীভাবে নিরাপদে আগুন নেভাতে হয়, তা হাতেকলমে দেখিয়ে দেন ফায়ার সার্ভিসের সদস্যরা। একই সঙ্গে পানি, ভেজা কাপড় ও অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের কৌশল এবং ফায়ার এক্সটিংগুইশার চালানোর সঠিক নিয়ম শেখানো হয়।
এ সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, রেলগেটের মতো ঘনবসতিপূর্ণ ও ব্যস্ত বাণিজ্যিক এলাকায় ছোট আগুনও মুহূর্তে বড় দুর্ঘটনায় রূপ নিতে পারে। তাই প্রতিটি মার্কেট ও শোরুমে অগ্নিনির্বাপক যন্ত্র রাখা এবং কর্মীদের প্রশিক্ষণ দেওয়া জরুরি।
পরে উপস্থিত সবাইকে প্রাথমিক অগ্নিনির্বাপণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

