নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে কয়েকজন শ্রমিককে আটক করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে ফতুল্লার শিবু মার্কেটের কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের উদ্দেশ্যে শিবু মার্কেটের কাঠেরপুল এলাকায় জড়ো হতে থাকেন আন্দোলনরত পোশাক শ্রমিকরা। শ্রমিকদের জমায়েতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
এ সময় শ্রমিকদের পক্ষ থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে কয়েকজন শ্রমিককে আটক করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করছিলেন। এ কারণে পুলিশ তাঁদের প্রতিরোধ করে। তাঁরা যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে জন্য সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই শ্রমিকদের রাস্তায় নামতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

