ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত একটি কর্মসূচি শুরুর আগেই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৬ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার দাউদপুর এলাকার কুলিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
এনসিপির অভিযোগ, স্থানীয় এক ছাত্রদল নেতার নেতৃত্বে তার অনুসারীরা সভাস্থলে হামলা চালায়। হামলায় দলের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেলের সম্পাদক ইব্রাহিম আদহাম খান। তিনি হামলার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমকে দেওয়া প্রতিক্রিয়ায় ইব্রাহিম আদহাম খান বলেন, “রূপগঞ্জে এনসিপির মিটিংয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। পুলিশের উপস্থিতিতে এমন ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি ও রাজনৈতিক স্পেস সংকুচিত করার পরিণতি অতীতে দেশ দেখেছে। এ ধরনের সন্ত্রাসী আচরণ গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”
তিনি আরও বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হওয়ার দায় এড়ানো যাবে না এবং এ বিষয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

