বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে অ্যাডভোকেট নবী হোসেন ও অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু পরিষদ। সহসভাপতি, সাধারণ সম্পাদক ও পাঁচটি সদস্য পদসহ সবকটিতেই জয় পেয়েছেন এ পরিষদের সমর্থিত প্রার্থীরা।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রার্থীদের বিজয়ী হওয়ার তথ্য জানা যায়।
নির্বাচনে সহসভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নবী হোসেন।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি পেয়েছেন ১৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রেজাউর করিম খান পেয়েছেন ১৫৪ ভোট। এ পদে মোট ৩৩৮টি ভোট পড়েছে।
অন্যদিকে, কার্যনির্বাহী কমিটির পাঁচটি সদস্য পদেও টিপু-নবী পরিষদের প্রার্থীরা জয়লাভ করেছেন। বিজয়ীদের মধ্যে সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার ২৯৯ ভোট পেয়ে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত হয়েছেন। অ্যাডভোকেট জাকির হোসেন পেয়েছেন ২৮১ ভোট, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ২৭৫ ভোট, রিয়াদ মোহাম্মদ চৌধুরী ২৬৩ ভোট এবং ফতেহ মোহাম্মদ রেজা রিপন পেয়েছেন ২১৮ ভোট।
সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য প্রার্থীদের মধ্যে এনসিপি নেতা নিরব রায়হান পেয়েছেন ১১০ ভোট, হারুনুর রশীদ খান ৯১ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী নাজমুল হক পেয়েছেন ৮৭ ভোট।
সদস্য পদে মোট ১ হাজার ৬৭৯টি ভোট পড়েছে। এর মধ্যে ৫৫টি ভোট বাতিল হয়েছে।
এবারের নির্বাচনে ভোটের মাধ্যমে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হওয়ায় আজীবন সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

