ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়ির দলিল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাই মো. রাফি ওরফে মোহন (৩৪) হত্যার ঘটনায় বড় ভাই উজ্জল মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে শরীয়তপুরের একটি চরাঞ্চলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত উজ্জল মিয়া ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার সোনার বাংলা রোড সংলগ্ন ফাজিলপাড়ার বাসিন্দা এবং মো. বাবুল মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক বলে জানা গেছে।
পুলিশ ও মামলার সূত্র জানায়, নিহত মোহন একটি গার্মেন্টসে চাকরি করতেন। অন্যদিকে উজ্জল দীর্ঘদিন ধরে বাবার কাছে বাড়ির দলিল দাবি করে আসছিলেন। এ নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলছিল। একপর্যায়ে ছোট ভাই মোহনকে ব্যবহার করেও বাবার কাছ থেকে দলিল নেওয়ার চেষ্টা করেন উজ্জল। বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।
গত শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে বের হওয়ার সময় মোহনের ওপর ধারালো বটি দিয়ে হামলা চালান উজ্জল। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান মোহন।
তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও ভাড়াটিয়ারা এগিয়ে এলে অভিযুক্ত উজ্জল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় মোহনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, হত্যার পর থেকেই উজ্জল আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুরের চরাঞ্চলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

