ডেঙ্গু ও মশাবাহিত রোগের বিস্তার রোধে নারায়ণগঞ্জ নগরীর খানপুরে মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখা। এ সময় মশার প্রজননক্ষেত্র ধ্বংসের পাশাপাশি ব্যক্তিগত ও পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন দলটির নেতারা।
বুধবার (১৪ অক্টোবর) বাদ আসর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের খানপুর পোলস্টার ক্লাব মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে স্থানীয় ডোবা-নালা ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং মশা নিধনের ওষুধ ছিটানো হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমির ও সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল জব্বার বলেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু ওষুধ ছিটিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। এ জন্য মশা নিধনের পাশাপাশি প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।
তিনি বলেন, বাড়ির আঙিনা, ডোবা-নালা ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
আবদুল জব্বার আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও জরুরি। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখলে মশাবাহিত রোগের ঝুঁকি কমানো সম্ভব। এ জন্য তিনি নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুম। এ ছাড়া মহানগরী ও স্থানীয় ১২ নম্বর ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচির শেষ পর্যায়ে স্থানীয় ডোবা-নালা ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। একই সঙ্গে মশার বিস্তার নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে ওষুধ ছিটানো হয়। আয়োজকেরা ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

