ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছরের শিশু ধর্ষণকারীকে গণপিটুনি দেওয়া দেখে তার সহযোগী সোহেল আত্মসমর্পণ করেছে।
শনিবার (২৩ মে) সকালে তিনি ফতুল্লা থানায় এসে আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকারী সোহেল (২০) ফতুল্লার চরবয়রাগাদী গ্রামের জামাল হোসেনের ছেলে।
এর আগে গতকাল শুক্রবার বিকালে চরবয়রাগাদী গ্রামে সোহেলের সহযোগিতায় তার বন্ধু হিরু শিশুটিকে ধরে নিয়ে ধর্ষণ করে। অভিযুক্ত হিরু (২২) চরবয়রাগাদী গ্রামের মনির হোসেনের ছেলে।
এদিন রাতে ঘটনাটি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। এরপর হিরু ও সোহেলের বাড়িতে তল্লাশি চালায় এলাকাবাসী। তখন সোহেল পালিয়ে গেলে হিরুকে বাসা থেকে ধরে এনে সড়কে ফেলে গণপিটুনি দেয় এলাকাবাসী। গণপিটুনির ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
আত্মসমর্পণকারী সোহেল বলেন, অপরাধী হিসেবে গণপিটুনির চেয়ে থানায় আত্মসমর্পণ করা ভালো। তাই আত্মসমর্পণ করেছি।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, প্রাথমিকভাবে জানা গেছে এই ধর্ষণের সঙ্গে দুজন জড়িত। একজন গণপিটুনির পর ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে। আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

