ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনে দেরি ও সংকটকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার লস্করদী সরকার বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ে লামিয়ার সঙ্গে ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের হাছেন আলীর ছেলে আল আমিনের বিয়ের আয়োজন ছিল। অনুষ্ঠানে বরযাত্রীরা পৌঁছানোর পর অতিথিদের জন্য খাবার সংকট দেখা দেয়।
এ সময় কনেপক্ষের লোকজন অভিযোগ করেন, বরপক্ষ নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি লোক নিয়ে আসায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে চেয়ার, বাঁশ ও কাচের প্লেট দিয়ে হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হন। পরে আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, এ ঘটনায় বরপক্ষের মকবুল হোসেন থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

