নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট মাসে দেশের উন্নয়ন ও জনকল্যাণে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, তা প্রশংসনীয়। বিশেষ করে স্বাস্থ্য খাতকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণেও সরকার সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলা সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ডেঙ্গু পরীক্ষার কিট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু জেলা বা উপজেলা পর্যায়ে নয়, বিভাগ থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত ধারাবাহিকভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্ত ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ করা হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেটে বিশেষ বরাদ্দ রেখেছে। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ডেঙ্গুর মতো জনস্বাস্থ্যসংক্রান্ত সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের কাছ থেকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ডেঙ্গু পরীক্ষার কিট গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল আহমেদ ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী সোহেল আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সাবেক যুবদল নেতা হারুন অর রশিদ মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

