নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুয়া ও জাল কাগজপত্রের মাধ্যমে ১০ শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে পিতা-পুত্রসহ কয়েকজনের বিরুদ্ধে। জমিতে প্রবেশে বাধা এবং দখলের প্রতিবাদ করায় প্রাণনাশ ও লাশ গুমের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এ ঘটনায় রাসেল নামে এক ব্যক্তি সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে চারজনের নাম উল্লেখের পাশাপাশি আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। ঘটনাটি সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা এলাকার।
অভিযোগে অভিযুক্তরা হলেন—পাইনাদী নতুন মহল্লা এলাকার মৃত মনুসর আলীর ছেলে নাজিম উদ্দিন (৮০), তার ছেলে মো. শাহাবুদ্দিন (৪৫), সাইফুল ইসলাম (৪০) ও মো. সৈকত আলী।
রাসেলের অভিযোগ, পাইনাদী নতুন মহল্লা এলাকায় থাকা ১০ শতাংশ জমিটি তার বাবার মালিকানাধীন। ক্রয়সূত্রে পাওয়া ওই জমির খাজনা-খারিজ সম্পন্ন করে দীর্ঘদিন ধরে তারা ভোগদখল করে আসছেন। জমিটির সিএস ও এসএ দাগ নম্বর ২০৫ ও ২০৬ এবং আরএস দাগ নম্বর ৪২২ ও ৪২৩।
লিখিত অভিযোগে রাসেল দাবি করেন, অভিযুক্তরা বিভিন্ন ধরনের ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করে জমিটির মালিকানা দাবি করছেন। পাশাপাশি তারা জোরপূর্বক জমিটি দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছেন। বিষয়টির প্রতিবাদ করায় তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
রাসেল জানান, জমি সংক্রান্ত বিরোধটি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হয়েছে। তবে কোনো সমাধান হয়নি। একই সম্পত্তি নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলাটির নম্বর ১১৩৬/২২।
অভিযোগে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাসেল পরিবারের সদস্যদের নিয়ে তাদের দখলে থাকা জমিতে গেলে অভিযুক্তরা সেখানে উপস্থিত হয়ে তাদের বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা মারমুখী আচরণ করলে রাসেলের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসেন।
রাসেলের দাবি, স্থানীয় লোকজন এগিয়ে আসার পর অভিযুক্তরা জমিটি জোরপূর্বক দখলে নেওয়ার হুমকি দেন। একই সঙ্গে জমিতে বাধা দিলে প্রাণনাশ এবং লাশ গুম করার ভয় দেখিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন রাসেল। জমি নিয়ে বিরোধের জেরে যেকোনো সময় তাদের ওপর হামলা বা বড় ধরনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মো. শাহাবুদ্দিন। তিনি বলেন, “এই সম্পত্তির মালিক আমরা পৈতৃক সূত্রে। এসএ ও আরএস রেকর্ডে আমার দাদার নাম রয়েছে। ১৯৫৮ সাল থেকে আমার দাদা ওই সম্পত্তি ভোগদখল করে আসছেন। পরবর্তীতে আমার বাবা এবং আমরা উত্তরাধিকারসূত্রে সম্পত্তিটি ভোগদখল করে আসছি।”
তিনি আরও বলেন, “আবুলের সঙ্গে এই জায়গা নিয়ে আমাদের মামলা হয়েছিল। পরে আদালতের রায় ও ডিক্রি আমাদের পক্ষে আসে। হাইকোর্টের রায়ও আমাদের পক্ষে রয়েছে। এরপরও রাসেল বিভিন্ন সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে এবং বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে ওই সম্পত্তি দখলের চেষ্টা করছে।”
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, জমি সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে জমিটির প্রকৃত মালিকানা এবং কাগজপত্রের বৈধতা যাচাই এখন তদন্তের বিষয়। পুলিশের তদন্ত ও আদালতের নথিপত্রের ভিত্তিতেই বিরোধটির প্রকৃত অবস্থান নির্ধারিত হবে।

