নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদল একটি বিশাল প্রতিবাদ মিছিল করেছে।
বুধবার (২৪ জুন) সকাল ১১টায় নগরীর খানপুর হাসপাতাল রোড এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক বার্তা দেন।
মিছিলে অংশ নেওয়া নেতারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। জনগণ এসব অপতৎপরতা প্রত্যাখ্যান করেছে এবং গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার রয়েছে।
প্রতিবাদ মিছিলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদসহ মহানগর ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নেতারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের অধিকার রক্ষায় যুবদল সব সময় রাজপথে থাকবে এবং যেকোনো অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখবে।

