ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল চুরিকে কেন্দ্র করে আমেনা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেহেদী ইসলামকে (৩২) ধরে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ আমেনা বেগম কেরাবো এলাকার বাবুল দেওয়ানের স্ত্রী। এছাড়া গণপিটুনিতে নিহত অভিযুক্ত মেহেদী ইসলাম বিরাবো খালপাড় এলাকার মোস্তফা মিয়ার ছেলে। তিনি একজন টাইলস মিস্ত্রি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কেরাবো এলাকার মুদি মনোহারি ব্যবসায়ী বাবুল দেওয়ানের নিজ বাড়িতে পাকা ভবন নির্মাণ করছিলেন। নির্মাণাধীন ওই ভবনে টাইলসের কাজ পান বিরাবো খালপাড় এলাকার মোস্তফা মিয়ার ছেলে মেহেদী ইসলাম। সেই সূত্র ধরে মেহেদী ইসলাম আমেনা বেগমের বাড়িতে আসা যাওয়া করতেন।
শুক্রবার বিকালে বাবুল দেওয়ানের স্ত্রী আমেনা বেগমের ব্যবহৃত একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যাওয়ার সময় মেহেদী ইসলামকে হাতেনাতে ধরে ফেলেন আমেনা বেগম। এ সময় আমেনা বেগমের কাছ থেকে ছুটে যেতে হুড়োহুড়ি করতে থাকে মেহেদী। এক পর্যায়ে তার হাতে থাকা ধারাল ছুরি দিয়ে আমেনা বেগমের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
এ সময় আমেনা বেগম মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকেন। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মেহেদী নিহত হন।
এদিকে আমেনা বেগমকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সততা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রকৃত চিত্র উদঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তারেক আল মেহেদী জানান, মোবাইল চুরি নিয়ে ঘটনা সূত্রপাত হয়ে চোরের ছুরিকাঘাতে নারী এবং স্থানীয়দের পিটুনিতে অভিযুক্ত নিহত হয়েছেন। এলাকায় যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

