নারায়ণগঞ্জের আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে অভিভাবক ঐক্য পরিষদ প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। প্রথমবারের মতো অনুষ্ঠিত এ নির্বাচনে চারটি অভিভাবক প্রতিনিধি পদেই জয় পেয়েছেন প্যানেলটির প্রার্থীরা।
শনিবার (২৮ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুন নাহার বিউটি।
পুরুষ অভিভাবক প্রতিনিধি পদে টেবিল প্রতীক নিয়ে মো. লুৎফর রহমান ৭২০ ভোট এবং চেয়ার প্রতীক নিয়ে এ.এস.এম. আনিসুর রহমান ৭৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের প্রতিদ্বন্দ্বী তারা প্রতীকের তানভীর আলম পান ৬৭ ভোট এবং মোমবাতি প্রতীকের মো. শফিউদ্দিন পান ৮০ ভোট।
অন্যদিকে মহিলা অভিভাবক প্রতিনিধি পদে দোয়াত-কলম প্রতীক নিয়ে শামছুন নাহার ৭৩০ ভোট এবং দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে মার্জিয়া রহমান ৭১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাদের প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকের ফাহামিদা আক্তার ৮৮ ভোট এবং আম প্রতীকের শারমীন আক্তার ৭৮ ভোট লাভ করেন।
নির্বাচনে মোট ১ হাজার ৪৬২ জন ভোটারের মধ্যে ৮৬১ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
বিদ্যালয়টির ইতিহাসে এটিই ছিল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যদের প্রথম নির্বাচন। নতুন এই উদ্যোগকে ঘিরে অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কর্মদিবস হওয়া সত্ত্বেও ভোটকেন্দ্রে ছিল অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, যা নির্বাচনকে প্রাণবন্ত করে তোলে।

