নারায়ণগঞ্জের বন্দরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় মিজান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৮ ইঞ্চি লম্বা একটি চাকু উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে বন্দর থানাধীন সোনাচরা এলাকার ঢাকেশ্বরী বাজারে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।
ঘটনার পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় বন্দর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম তদন্তে নামে। তদন্তের ধারাবাহিকতায় শনিবার (২৬ সেপ্টেম্বর) বন্দর থানাধীন মালামত এলাকার সাকিনস্থ মামুন ডাকাতের বাড়ির সামনে অভিযান চালিয়ে মিজানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজান বন্দর থানার সোনাচরা এলাকার বাসিন্দা। তার বাবার নাম ফজলুল হক।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় মিজানের কাছ থেকে ১৮ ইঞ্চি দৈর্ঘ্যের একটি চাকু উদ্ধার করা হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় আনতে আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

