আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে এর প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার গ্রিন গার্ডেন পার্টি সেন্টারের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় প্রদক্ষিণ করে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম হীরা, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান মৃধা, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্ত, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন, মহানগর যুবদলের সদস্য জুয়েল রানা, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিন্না, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক মোস্তাফিজ শাহিন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক মাসুদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে যায়, তারা সাধারণত আর ফিরে আসে না। শেখ হাসিনা ও তার দলও আর এ দেশে ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, তাদের পক্ষ থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। এ জন্য বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। তারা ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন ধরনের নাশকতার চেষ্টা করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, ‘আমরা যারা দেশপ্রেমিক, আমরা যারা তারেক রহমানের নেতৃত্বে একটি সোনালি বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমরা সবসময় অতন্দ্রপ্রহরী হয়ে তাদের প্রতিহত করব, ইনশাআল্লাহ।’
পরে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় প্রদক্ষিণ করেন।

