রাজনৈতিক মতপার্থক্য থাকলেও নারায়ণগঞ্জের উন্নয়ন ও জনগণের জীবনমানের উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন জেলার পাঁচ সংসদ সদস্য। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন তারা।
শনিবার (৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা।
সভায় নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৫ আসনের অ্যাডভোকেট আবুল কালাম ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন উপস্থিত ছিলেন।
আলোচনায় আব্দুল্লাহ আল আমিন বলেন, রাজনৈতিক মতবিরোধ থাকলেও নারায়ণগঞ্জের স্বার্থে সবাইকে নিয়ে কাজ করতে চান তারা। নারায়ণগঞ্জকে সুন্দর ও বাসযোগ্য করতে ইতিবাচক সব উদ্যোগে ঐক্যবদ্ধ থাকার কথাও জানান তিনি।
আজহারুল ইসলাম মান্নান বলেন, দলের ভিন্নতা থাকলেও উন্নয়নের প্রশ্নে আব্দুল্লাহ আল আমিনকে সঙ্গে নিয়েই কাজ করতে চান তারা। নারায়ণগঞ্জের উন্নয়নে পাঁচ সংসদ সদস্য একসঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আবুল কালাম বলেন, বিচ্ছিন্নভাবে নয়, যৌথভাবে নারায়ণগঞ্জের বিভিন্ন দাবি সরকারের কাছে তুলে ধরতে হবে। প্রয়োজনে পাঁচ এমপির স্বাক্ষর সংবলিত একই ডিও লেটারের মাধ্যমে উন্নয়ন দাবি উপস্থাপনের কথাও জানান তিনি।
মুঠোফোনে দেওয়া বক্তব্যে নজরুল ইসলাম আজাদও সুন্দর ও প্রগতিশীল নারায়ণগঞ্জ গড়তে পাঁচ সংসদ সদস্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সভাপতির বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ব্যবসায়ীদের পরামর্শ ও দিকনির্দেশনা নিয়ে নারায়ণগঞ্জের ব্যবসাখাতকে আরও এগিয়ে নিতে কাজ করা হবে।
এ সময় নারায়ণগঞ্জকে ‘এ’ ক্যাটাগরির বা বিশেষ ক্যাটাগরির জেলা হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি জেলায় একজন মন্ত্রী দেওয়ার দাবিও জানানো হয়।

