ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিশ্ববাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ এক মাস শিথিল করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে জানায়, গতকাল শুক্রবার পর্যন্ত যেসব জাহাজে রুশ তেল ও জ্বালানি পণ্য তোলা হয়েছে, সেগুলো আগামী ১৬ মে পর্যন্ত কেনা যাবে। এর আগে গত ১১ এপ্রিল ৩০ দিনের একটি ছাড়ের মেয়াদ শেষ হয়েছিল। বর্তমান সিদ্ধান্তটি সে মেয়াদেরই একটি বর্ধিত অংশ।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এ ঘোষণার দুদিন আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছিলেন, রুশ তেল কেনার ক্ষেত্রে নিষেধাজ্ঞার বিষয়ে ওয়াশিংটন আর কোনো ছাড় দেবে না।
রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ জানান, প্রথম দফার এ ছাড়ের ফলে ১০ কোটি ব্যারেল রুশ অপরিশোধিত তেল বাজারে আসবে। এ পরিমাণ তেল বিশ্বের প্রায় এক দিনের মোট চাহিদার সমান।
নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার এ সিদ্ধান্ত বিশ্ববাজারে তেলের সরবরাহ কিছুটা বাড়াতে পারে। তবে হরমুজ প্রণালি নিয়ে অচলাবস্থা পুরোপুরি না কাটায় জ্বালানি তেলের দাম খুব বেশি কমেনি।

