নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় চুরির ঘটনায় প্রায় কোটি টাকা মূল্যমানের স্বর্ণ ও রুপার গহনা উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় ওই পরিবারের ব্যক্তিগত গাড়িচালক হোসেন (৪২)কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, পরিবারের সদস্যরা কখন বাসা ফাঁকা রাখেন সে বিষয়ে ধারণা ছিল হোসেনের। সেই সুযোগ কাজে লাগিয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে বাসায় প্রবেশ করে তিনি স্বর্ণালংকার, রুপার গহনা ও নগদ টাকা নিয়ে যান। চুরির পরও তিনি নিয়মিত গাড়ি চালানোর দায়িত্ব পালন করে আসছিলেন, যাতে পরিবারের সদস্যদের সন্দেহ না হয়।
গ্রেপ্তার হোসেন শেরপুর সদর থানার চাপাতলী এলাকার মৃত কালামের ছেলে। তিনি ফতুল্লার চানমারী এলাকায় জাকিরের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চানমারী এলাকা থেকে হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে চুরি যাওয়া স্বর্ণ ও রুপার গহনার বড় একটি অংশ উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, মামলার বাদী আসিফা আশরাফী (৩৪) ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকায় নিজস্ব ভবনের চতুর্থ তলার দ্বিতীয় ও তৃতীয় তলায় পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করেন। গত ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে তিনি বাসায় তালা দিয়ে বাইরে চলে যান।
প্রায় দুই ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে তার মা ব্যক্তিগত গাড়িচালক হোসেনকে সঙ্গে নিয়ে দ্বিতীয় তলায় যান। বাসার দরজা খোলার চেষ্টা করলে ভেতর থেকে সিটকানি লাগানো থাকায় দরজা খোলা সম্ভব হয়নি। পরে দরজার নিচের অংশ কিছুটা ভাঙা দেখতে পান তারা।
এরপর তৃতীয় তলার ফ্ল্যাটের তালা খুলে ভেতরে প্রবেশ করে দ্বিতীয় তলায় যান বাদীর মা। সেখানে একটি ওয়ারড্রপের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ওয়ারড্রপে রাখা নগদ টাকা, স্বর্ণালংকার ও রুপার গহনা খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে বাসায় ফেরেন আসিফা আশরাফী।
পরে তিনি ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে ২ লাখ ২০ হাজার টাকা নগদ, প্রায় ১ কোটি ৮ লাখ টাকা মূল্যমানের ৫৪ ভরি ৫ আনা স্বর্ণালংকার এবং প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ৮ ভরি ৪ আনা রুপার গহনা চুরি হওয়ার কথা উল্লেখ করা হয়।
অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে ফতুল্লা মডেল থানা পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার একপর্যায়ে পুলিশ দেখতে পায়, গাড়িচালক হোসেন পেছনের একটি গলি দিয়ে বাড়ির দিকে প্রবেশ করছেন। কিছুক্ষণ পর তার হাতে একটি ব্যাগ দেখা যায় এবং একই রাস্তা দিয়ে তিনি বের হয়ে যান।
সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সোমবার রাতে হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী চানমারীর ভাড়া বাসায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ৫৪ ভরি ৫ আনা স্বর্ণালংকারের মধ্যে ৪৯ ভরি ১৫ আনা এবং ৮ ভরি ১৪ আনা রুপার গহনা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার হোসেনের চুরির পরিকল্পনার বিষয়টি পাওয়া গেছে। তিনি আগে থেকেই ডুপ্লিকেট চাবি তৈরি করেছিলেন এবং পরিবারের সদস্যরা কখন বাসা ফাঁকা রাখেন, সে বিষয়েও তার ধারণা ছিল। সুযোগ বুঝে ডুপ্লিকেট চাবি দিয়ে বাসায় ঢুকে চুরি করে পালিয়ে যান তিনি।
ওসি আরও বলেন, অভিযোগের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হোসেনকে শনাক্ত করা হয়। তাকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী চুরি যাওয়া স্বর্ণ ও রুপার গহনার একটি বড় অংশ উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, চুরির পরও হোসেন স্বাভাবিকভাবেই গাড়ি চালানোর দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। এতে পরিবারের সদস্যদের সন্দেহ তার ওপর পড়েনি।
চুরির ঘটনায় আরও কেউ জড়িত কি না এবং বাকি মালামাল উদ্ধারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

