হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা ও মহানগরের পৃথক দুটি কমিটিতে ১৫১ জন করে সদস্য রাখা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঐতিহাসিক ডিআইটি মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন কমিটি দুটি ঘোষণা করা হয়।
হেফাজতে ইসলাম সূত্রে জানা গেছে, হেফাজতভুক্ত বিভিন্ন ইসলামী দল, বিভিন্ন থানা থেকে সংগৃহীত তালিকা, জেলার বড় বড় মাদ্রাসা এবং তাবলিগ জামাতের প্রতিনিধিদের সমন্বয়ে জেলা ও মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। উভয় কমিটিতেই কয়েকটি পদ আপাতত খালি রাখা হয়েছে। পরবর্তীতে এসব পদ পূরণ করে তা জানিয়ে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর ও জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুফতী বশীরুল্লাহ, মহানগর সভাপতি মুফতী জাকির হুসাইন কাসেমী, সিনিয়র সহ-সভাপতি মুফতী মামুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা মুফিজুল ইসলাম, মাওলানা উবাইদুল কাদের নদভী, সিনিয়র সহ-সেক্রেটারি মুফতি বদরুল আলম সিলেটী, সহ-সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন খান, মহানগর সিনিয়র সহ-সেক্রেটারি মুফতি আব্দুল গনী সুলতানী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী কবির হোসাইন, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী মাহমুদুল হাসান কাসেমী, জেলা প্রচার সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, মহানগর প্রচার সম্পাদক মাওলানা মোস্তফা কামাল জিহাদীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, নতুন কমিটির মাধ্যমে নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।

