‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে ফিরে আসে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়। জ্ঞান, দক্ষতা, সচেতনতা ও আত্মনির্ভরশীলতা অর্জনের ক্ষেত্রেও সাক্ষরতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, একটি জ্ঞাননির্ভর, দক্ষ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে সবার জন্য মানসম্মত, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে শিক্ষা ও সাক্ষরতার হার বাড়ানোর পাশাপাশি ঝরে পড়া রোধ এবং সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনার ওপরও গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভা থেকে নারায়ণগঞ্জে সাক্ষরতা ও শিক্ষার প্রসারে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

