নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পরিদর্শন করেছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
রোববার (৬ সেপ্টেম্বর) ফতুল্লা মডেল থানা পরিদর্শনে যান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। এ সময় তাঁর সঙ্গে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। তিনি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সদস্যদের দায়িত্ব পালন এবং সাধারণ মানুষকে দেওয়া সেবার বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
মতবিনিময়কালে কে এম মহিউদ্দীন পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরও আন্তরিক, সৎ ও নিষ্ঠাবান হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি থানায় সেবা নিতে আসা সাধারণ জনগণকে দ্রুত, কার্যকর ও মানসম্মত আইনগত সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম, ডিউটি অফিসার এসআই শুভংকর বিশ্বাস, শিশু ডেস্কের দায়িত্বে থাকা এসআই মাফরোজা খানমসহ থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

