ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে বিএনপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রায় অর্ধশত নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছেন।
শনিবার (২ মে) বিকেলে উপজেলার তারাব পৌরসভার গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইউসুফ হোসাইন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, যেখানে জনগণের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, বিদেশি আধিপত্যমুক্ত, স্বাধীন ও স্বাবলম্বী বাংলাদেশ গড়তে এনসিপি কাজ করছে। পাশাপাশি সব ভিন্নমতকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে গণমানুষের রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
অনুষ্ঠান শেষে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় দলীয় নেতাকর্মীরা।

