ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফো ডটকমঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ফ্যাসিস্ট আমলে দেশের খেলাধুলাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। যুব সমাজকে মাদকাসক্ত করে আন্দোলন-সংগ্রাম থেকে দূরে রাখার অপচেষ্টা চালানো হয়। তবে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে ভাবছেন এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্নভাবে কাজ করছেন।
শুক্রবার (৮ মে) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর থানার মুছাপুর ইউনিয়নের বারপাড়া এলাকায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জ খেলাধুলার ঐতিহ্যবাহী জেলা। এখানকার অনেক ক্রীড়াবিদ আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করেছেন। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অধীনে ফুটবলের জন্য পাঁচজন এবং ক্রিকেটের জন্য পাঁচজন কোচ নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন এলাকায় নতুন খেলার মাঠ বরাদ্দের উদ্যোগ নেওয়া হবে, যাতে তরুণরা খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে পারে এবং জাতীয় পর্যায়ে নারায়ণগঞ্জের প্রতিনিধিত্ব করতে পারে।
এ সময় তিনি প্রয়াত আরাফাত রহমান কোকোর ক্রীড়াঙ্গনে অবদানের কথাও স্মরণ করেন।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বন্দর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলমগীর হোসেন।
খেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য মেহেদী হাসান।
মুছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী নুরউদ্দিন আহমেদ, মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম, সমাজসেবক হাজী আলী হোসেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক সালাউদ্দিন মোল্লা, মহানগর আহ্বায়ক ফারুক হোসেন, সদস্য সচিব হুমায়ুন কবির ও বিএনপি নেতা নুর মোহাম্মদ পনেছসহ আরও অনেকে।
টুর্নামেন্টের ফাইনালে সাদা দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লাল দল।

