ছয় দফা দাবি আদায় ও গণভোটের রায় সংসদে বাস্তবায়নের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ অবস্থানের বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য জোটের জেলা ও মহানগর শাখা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মিজানুর রহমানের কাছে পৃথকভাবে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপি প্রদান শেষে মহানগরী জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বার বলেন, ৫ সেপ্টেম্বরের লংমার্চ সম্পর্কে প্রশাসনকে অবহিত করতেই স্মারকলিপি দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পরিচালনায় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
তিনি জানান, লংমার্চের অংশ হিসেবে চিটাগাং রোডের শিমরাইল ট্রাকস্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় সেখানে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা অবস্থান নেবেন এবং গণভোটের রায় সংসদে বাস্তবায়নের দাবি জানাবেন।
১১ দলীয় ঐক্যের ঘোষিত ছয় দফার মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
স্মারকলিপি প্রদানকালে জামায়াতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, লেবার পার্টিসহ ১১ দলীয় ঐক্যের জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

