নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণ, ডাকাতির কাজে ব্যবহৃত মোবাইল ফোন, স্বর্ণ গলানোর যন্ত্রপাতি ও একটি ব্যাংক হিসাব উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৮ আগস্ট ভোররাত সাড়ে ৩টা থেকে সোয়া ৪টার মধ্যে ফতুল্লা থানার ভুঁইগড় তালতলা সামছুল হক খান মসজিদ এলাকায় মো. হান্নান হোসাইনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে ও পরিবারের সদস্যদের মারধর করে ১০ ভরি স্বর্ণ ও নগদ ৭ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা।
ঘটনার পরদিন ৮ আগস্ট ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ডিবি তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে ডাকাত দলের সদস্যদের শনাক্ত করতে সক্ষম হয়।
এরই ধারাবাহিকতায় মামলার তদন্তকারী কর্মকর্তাসহ ডিবির একটি আভিযানিক দল ঢাকার তুরাগ ও ডিএমপির বিভিন্ন থানা এলাকা এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাঁচপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বরিশালের বাকেরগঞ্জ থানার বিহারীপুর এলাকার শহিদুল খান (৪৬) এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাঁচপুর সোনাপুর এলাকার কাউসার মল্লিক ওরফে হৃদয় (২৭)।
পুলিশের অভিযানে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন, লুণ্ঠিত ১ ভরি ২ রতি স্বর্ণ, একটি ব্যাংক হিসাব এবং স্বর্ণ গলানোর বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করে জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য হওয়ার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ফতুল্লার ওই বাড়িতে ডাকাতির ঘটনায় ১৪ সদস্যের একটি দল অংশ নেয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও খুনসহ একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এদিকে, ডাকাতির ঘটনায় জড়িত পলাতক সদস্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

