রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২০ কোটি ৪৫ লাখ ৩১ হাজার ৮৮২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকা এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ২৬ লাখ ৮১ হাজার ৭১৬ টাকা।
বৃহস্পতিবার বিকেলে কাঞ্চন পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমান আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপন করেন।
অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সাবেক কাউন্সিলর এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এবারের বাজেটে নাগরিক সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার ও মেরামত এবং ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
পৌর কর্তৃপক্ষের আশা, পরিকল্পিতভাবে বাজেট বাস্তবায়ন করা গেলে কাঞ্চন পৌরবাসী আরও উন্নত নাগরিক সুবিধা ও টেকসই অবকাঠামোগত সেবা পাবেন।

