নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ৫১টি ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার মুড়াপাড়া, চনপাড়া ও মাছিমপুর এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মুড়াপাড়া ইউনিয়নের ছোট বানিয়াদি এলাকার মনির হোসেন ওরফে ডিব্বা মনিরের স্ত্রী রিকু আক্তার, শরীয়তপুরের জাজিরা উপজেলার কৃষ্ণনগর এলাকার মৃত মেহের আলী মুন্সির ছেলে আব্দুল মান্নান মুন্সি এবং একই এলাকার মৃত রহম আকন মিয়ার ছেলে দেলোয়ার হোসেন। আব্দুল মান্নান ও দেলোয়ার রূপগঞ্জের ফকির আলীর বাড়িতে ভাড়ায় বসবাস করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৫১টি ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ৭৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এর মধ্যে আব্দুল মান্নান ও দেলোয়ারের বিরুদ্ধে রূপগঞ্জ থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
মামলা দায়েরের পর গ্রেপ্তার তিনজনকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

