নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের আমতলা, মুসলিমনগর ও শাসনগাঁওয়ের একাংশের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে পানি অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মুসলিমনগর এলাকায় দুটি বৈদ্যুতিক পাম্প স্থাপন করে পানি সরানোর কাজ শুরু হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পাম্প দুটি চালু করা হয়। স্থানীয়দের দাবি, আমতলা জেলেপাড়া এলাকায় তিন থেকে চার বছর ধরে জলাবদ্ধতার কারণে প্রায় ২০০ থেকে ২৫০টি পরিবার দুর্ভোগে রয়েছে। এর মধ্যে ৭০ থেকে ৮০টি বাড়ি বর্তমানে পানিতে নিমজ্জিত। দীর্ঘদিন পানি জমে থাকায় কয়েকটি বাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার জানান, দীর্ঘদিনের এই সমস্যা উপজেলা প্রশাসনকে জানানো হয়েছিল। পরে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের সহযোগিতায় পানি অপসারণের উদ্যোগ নেওয়া হয়। এ কাজে প্রায় আড়াই লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।
তিনি বলেন, পাম্পের মাধ্যমে পানি সরানোর পর স্থায়ী সমাধানের জন্য এলাকায় ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পানি অপসারণের ফলে প্রায় তিন থেকে চার হাজার মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, জলাবদ্ধতার কারণে বসতবাড়ির পাশাপাশি সড়ক ও রাস্তাঘাটও পানিতে তলিয়ে থাকে। ফলে রোগী হাসপাতালে নেওয়া কিংবা মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়ার ক্ষেত্রেও চরম দুর্ভোগ পোহাতে হয়।
এ সময় জেলা এনসিপির সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রাকিব, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল জলিল, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মনোয়ারা বেগম লিপিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

