নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, বর্তমান সরকার যেন অতীতের একদলীয় শাসনব্যবস্থার পুনরাবৃত্তি না করে। তিনি দাবি করেন, জনগণ কোনো ধরনের ফ্যাসিবাদী বা একদলীয় শাসন মেনে নেবে না।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আল আমিন বলেন, “আপনারা অন্তত হাসিনা নন। হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী। হাসিনা ছিল অনেক বড় ফ্যাসিস্ট ও সন্ত্রাসী। জনগণের আন্দোলনের মুখে তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছিল।”
হবিগঞ্জে এনসিপির কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারির সমালোচনা করে তিনি বলেন, “প্রশাসনের এমন সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। অতীতে জনগণ একদলীয় কাঠামোর সরকার প্রত্যাখ্যান করেছে। আবারও যদি সেই পথে হাঁটার চেষ্টা করা হয়, জনগণ আগের মতোই তার জবাব দেবে।”
সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, “কেউ যদি মনে করেন ক্ষমতা চিরস্থায়ী, তাহলে তিনি বোকার স্বর্গে বাস করছেন।”
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে আল আমিন বলেন, “দুই বছর আগে জুলাই মাসে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে দেড় হাজারের বেশি মানুষ জীবন দিয়েছেন। সেই জুলাইয়ের স্মৃতি ধারণ করে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’য় সন্ত্রাসী কর্মকাণ্ড বা গুন্ডামি দেশের মানুষ মেনে নেবে না।”
তিনি বলেন, “আমরা একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ চাই। যদি আবার অস্ত্রের রাজনীতি কিংবা ‘বালুর ট্রাক মার্কা গণতন্ত্র’ ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, তাহলে জনগণই তা প্রতিহত করবে।”
বক্তব্যের শেষে তিনি গণতান্ত্রিক আন্দোলন, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম এবং সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রাজপথে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এর আগে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বঙ্গবন্ধু সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

