নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় মাজহারুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের সুরিয়াবো এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুরিয়াবো কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে রউফ মিয়া ও শরীফ মিয়ার পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার এশার নামাজের পর এ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয়দের অভিযোগ, শরীফ মিয়ার পক্ষের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে রউফ মিয়ার পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় আত্মরক্ষায় অপর পক্ষও পাল্টা হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় রানী বেগম, মাসুদ মিয়া, রেজাউল ও আবুল হোসেনসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কাও দেখা দিয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

