নারায়ণগঞ্জের বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর ও জাতীয় ছাত্রশক্তির নেতারা।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের নির্দেশে বন্দর থানার ২২ নম্বর ওয়ার্ডের সিরাজউদ্দৌলা ক্লাব সংলগ্ন দেওয়ান বাড়ি এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা। এ সময় অগ্নিকাণ্ডের ঘটনাস্থলও পরিদর্শন করেন নেতারা।
পরিদর্শনকালে এনসিপি নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী অভি, সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় ভূঁইয়া, জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের মুখ্য সংগঠক সিফাত দেওয়ান ও জাতীয় ছাত্রশক্তি বন্দর থানার আহ্বায়ক নাইমুর ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের মিডিয়া সম্পাদক রাফিন হাসান, নারায়ণগঞ্জ জেলা মিডিয়া সম্পাদক তানজিল ভূঁইয়া শিথিলসহ বন্দর থানা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নেতারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের পরিস্থিতির খোঁজখবর নেন এবং সহমর্মিতা প্রকাশ করেন। পরিবারের সদস্যদের সার্বিক সহযোগিতায় পাশে থাকারও আশ্বাস দেন তারা।
নেতারা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন।

