কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে নারায়ণগঞ্জজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। সেনাবাহিনীর ৬টি ইউনিট জেলার গুরুত্বপূর্ণ স্থানে টহল দেয়। পাশাপাশি বিভিন্ন পয়েন্টে পুলিশ ও র্যাবের চেকপোস্ট বসানো হয়েছে। সাদা পোশাকেও বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, সম্ভাব্য বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমন আশঙ্কায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে নারায়ণগঞ্জ শহরে নিরাপত্তা মিছিল ও শোডাউন করেছে জেলা ও মহানগর বিএনপি। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে জেলা বিএনপি এবং মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির নেতাকর্মীরা দফায় দফায় মিছিল করেন।
মাসুকুল ইসলাম রাজীব বলেন, “দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করবে, জনগণ তাদের রাজপথেই জবাব দেবে। নারায়ণগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। কোনো অপশক্তিকে এই শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার সুযোগ দেওয়া হবে না।”
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “পুরো নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”

