বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) নবনিযুক্ত চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (বিএইচএ)।
রোববার (৯ আগস্ট) দুপুরে বিসিক কার্যালয়ে নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদল। এ সময় সংগঠনের নেতারা বেনজীর আহমেদ টিটুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎ ও মতবিনিময়কালে দেশের অর্থনীতিতে হোসিয়ারী শিল্পের অবদান ও সম্ভাবনার কথা তুলে ধরেন এসোসিয়েশনের নেতারা। পাশাপাশি নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত বিসিক হোসিয়ারী শিল্পনগরীর বিভিন্ন সমস্যা নিয়ে বিসিক চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেন তারা।
বিশেষ করে শিল্পনগরীর অবকাঠামোগত দুর্বলতা, বেহাল ড্রেনেজ ব্যবস্থা এবং উদ্যোক্তাদের নানা সংকটের বিষয় তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান হোসিয়ারী শিল্পের নেতারা।
তারা বলেন, দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি (এমএসএমই) শিল্পখাতের বিকাশে বিসিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনিযুক্ত চেয়ারম্যানের দূরদর্শী নেতৃত্বে এ খাত আরও সংগঠিত, আধুনিক ও উদ্যোক্তাবান্ধব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের পক্ষ থেকে বিসিক চেয়ারম্যানকে ফতুল্লার হোসিয়ারী শিল্পনগরী সরেজমিনে পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ গ্রহণ করে বেনজীর আহমেদ টিটু শিল্পনগরীর বিদ্যমান সমস্যাগুলো সরেজমিনে পরিদর্শন ও দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বদু, সহ-সভাপতি (জেনারেল) মো. দুলাল মল্লিক, পরিচালক আবদুস সবুর খান, সাঈদ আহমেদ স্বপন, হাজী মো. শাহীন হোসেন, আলহাজ্ব মো. মনির হোসেন, মো. মিজানুর রহমান ও মো. মাসুদুর রহমানসহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

