অবৈধভাবে গ্যাস সরবরাহের কারণে বৈধ গ্রাহক ও শিল্পকারখানার মূল সংযোগস্থলে গ্যাসের চাপ কমছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। একই সঙ্গে অবৈধ বিদ্যুৎ ব্যবহার এবং ইজিবাইকের ব্যাটারি চার্জের কারণে বিদ্যুৎ ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
রোববার (৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন তিনি।
গ্যাস সংকটের বিষয়ে আবুল কালাম বলেন, বিভিন্ন খাতে অবৈধভাবে গ্যাস সরবরাহের কারণে নির্ধারিত ও মূল স্থানে পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। অবৈধ সংযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান তিনি।
বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, ইজিবাইকের বিপুলসংখ্যক ব্যাটারি নিয়মিত বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়া হচ্ছে। এর ফলে বিদ্যুতের ওপর বড় ধরনের চাপ তৈরি হচ্ছে। এ ব্যবস্থায় সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি বিদ্যুৎ ব্যবস্থাপনাতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেন তিনি।
নগরীর যানজট পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, শহরের এমন যানজট তৈরি হচ্ছে যে অ্যাম্বুলেন্সের পাশাপাশি ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলও কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় উন্নত দেশের আদলে পরিকল্পিত নগর ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে।
সভায় দায়িত্বশীলতা ও কার্যকর উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে আবুল কালাম বলেন, শুধু সভা, বৈঠক ও আলোচনা করলেই সমস্যার সমাধান হবে না। নারায়ণগঞ্জকে কাঙ্ক্ষিত শহর হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, একটি মহল রাজনৈতিকভাবে সমাজকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের তৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কারা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের চিহ্নিত করা প্রয়োজন। রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করে যাতে কেউ সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
আবুল কালাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুধু রাজনৈতিকভাবে মোকাবিলা করলেই হবে না; জনগণের সহযোগিতাও প্রয়োজন। রাজনীতি স্থিতিশীল থাকলে সরকার পরিচালনা সহজ হয় এবং সরকার ভালোভাবে চললে এর সুফল জনগণ পায় বলেও মন্তব্য করেন তিনি।
জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

