নারায়ণগঞ্জের বন্দর থানায় পুলিশের বিশেষ অভিযানে পূর্বের মামলার এক আসামিসহ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নবীগঞ্জ কদম রসুল মাজার সংলগ্ন মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রাত ১১টা ৫০ মিনিটের দিকে বন্দর থানার একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মো. আওলাদের ছেলে মো. আকাশ (২২), এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. আব্দুল মালেক, ইমন চন্দ্র দাস ও মুফতি মো. ফয়েজুল্লাহ।
বন্দর থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে নবীগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বন্দর থানা পুলিশ আরও জানিয়েছে, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

