নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ কমানো এবং সাধারণ গ্রাহকদের জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপন বন্ধসহ পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্মারকলিপি দিয়েছে অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সভায় সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের হাতে স্মারকলিপি তুলে দেন। পরে উভয় পক্ষ নারায়ণগঞ্জের বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
স্মারকলিপিতে সংগঠনটির পক্ষ থেকে পাঁচটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— সাধারণ আবাসিক গ্রাহকদের জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপন স্থগিত করা, নারায়ণগঞ্জকে ‘বিশেষ’ শ্রেণির জেলায় উন্নীত করা, মেট্রোরেল সেবা নারায়ণগঞ্জ শহর পর্যন্ত সম্প্রসারণ, যানজট নিরসনে চাষাঢ়া থেকে কমলাপুর পর্যন্ত রেল চলাচল সীমাবদ্ধ রাখা এবং ঐতিহাসিক হাজীগঞ্জ ও সোনাকান্দা দুর্গকে আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তর করা।
আলোচনায় সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, প্রিপেইড মিটার কোনো রাজনৈতিক ইস্যু নয়; এটি সাধারণ মানুষের দৈনন্দিন দুর্ভোগের সঙ্গে জড়িত। তাঁর ভাষ্য, অতিরিক্ত কোড ও বিভিন্ন ডিজিট ব্যবহারের জটিলতায় সাধারণ গ্রাহকরা ভোগান্তিতে পড়ছেন। পাশাপাশি নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের জন্য অগ্রিম অর্থ পরিশোধ করে বিদ্যুৎ ব্যবহার করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, সংগঠনটি নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় সরকারের নজরে এনেছে। তিনি জানান, এসব দাবির কয়েকটির বিষয়ে ইতোমধ্যে ইতিবাচক অগ্রগতি রয়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জকে বিশেষ ক্যাটাগরির জেলায় উন্নীত করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। এছাড়া হাজীগঞ্জ ও সোনাকান্দা দুর্গের উন্নয়নে সিটি করপোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সমন্বয়ে কাজ চলছে।
প্রিপেইড মিটার প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, বিষয়টি ইতোমধ্যে বিদ্যুৎ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং তা ইতিবাচকভাবে পর্যালোচনায় রয়েছে। সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম সাময়িকভাবে ধীরগতিতে রাখা হতে পারে বলেও তিনি জানান। একই সঙ্গে এ ইস্যুতে সবাইকে ধৈর্য ধরার এবং কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।
সভায় ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ নূর উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

