নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় স্থানীয়দের উদ্যোগে গড়ে ওঠা মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী ও দীর্ঘমেয়াদি করার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেছেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে শুরু হওয়া এই উদ্যোগ কোনোভাবেই থেমে যাওয়া উচিত নয়; বরং এটিকে একটি অরাজনৈতিক সামাজিক আন্দোলন হিসেবে এগিয়ে নিতে হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নগরীর আল্লামা ইকবাল রোড (কলেজ রোড) এলাকার টিএন্ডটি কলোনির সরকারি পরিত্যক্ত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ওই জায়গাটি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছিল। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক অভিযানের পাশাপাশি এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণে সেখানে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে।
জেলা প্রশাসক বলেন, শুরুতে কয়েকজনের উদ্যোগে এ কার্যক্রম শুরু হলেও এখন এটি এলাকাবাসীর সম্মিলিত সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। গলাচিপার এই উদ্যোগের ইতিবাচক প্রভাব দেখে জেলার অন্যান্য এলাকার পঞ্চায়েত কমিটিগুলোও একই ধরনের উদ্যোগ নিতে আগ্রহ প্রকাশ করছে বলে জানান তিনি।
তিনি বলেন, মাদক ও ছিনতাই প্রতিরোধে স্থানীয়দের রাতের পাহারা কার্যক্রমও নিয়মিত চালিয়ে যেতে হবে। প্রশাসন সবসময় সহযোগী হিসেবে পাশে থাকবে। তবে সাময়িক সাফল্যে আত্মতুষ্ট না হয়ে ধারাবাহিকভাবে এ আন্দোলন চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তাঁর মতে, নজরদারি কমে গেলে মাদক কারবারিরা আবারও সক্রিয় হয়ে উঠতে পারে।
রায়হান কবির আরও বলেন, মাদক নিয়ন্ত্রণ শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের পরিবারের সদস্যদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সমাজের সচেতন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সামাজিক সংগঠন ‘নাগরিক শক্তি’র আহ্বায়ক হুমায়ুন কবির রিপনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

