শীতলক্ষ্যা নদীর বর্তমান দূষণ ও বেহাল দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম। সোমবার (২২ জুন) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘নারায়ণগঞ্জ সদর উপজেলার পরিবেশ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
সংসদ সদস্য আবুল কালাম বলেন, “প্রকৃতি হলো আল্লাহর দান। এখানে যেমন প্রাকৃতিক সমস্যা রয়েছে, তেমনি মানবসৃষ্ট সংকটও কম নয়। আমাদের পুরো শহর গড়ে উঠেছিল এই শীতলক্ষ্যা নদীকে কেন্দ্র করে। অথচ আজ সেই নদীতে গোসল করা তো দূরের কথা, দূষণের কারণে নৌকা নিয়ে চলাচল করাই কঠিন হয়ে পড়েছে।”
শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনার ওপর জোর দিয়ে তিনি অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এমপি কালাম বলেন, “এখানকার কারখানাগুলোর ইটিপি (Effluent Treatment Plant) ঠিকমতো সচল আছে কি না, তা অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখার জন্য আমি মাননীয় প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি।”
বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করে তিনি আরও বলেন, “এখানে আসার সময় নিজেকে প্রশ্ন করছিলাম যে আমি আসলে পরিবেশ নিয়ে কী জানি? কিন্তু এই বাচ্চারা যেভাবে চমৎকার যুক্তি দিয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করেছে, তা দেখে আমি সত্যিই আনন্দিত ও অভিভূত।

