নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রোববার (২ আগস্ট) সন্ধ্যা প্রায় ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইলো ঘাট এলাকায় বিশ্ব খাদ্য গুদামের পূর্বপাশে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ফাঁড়ির এসআই দুলাল চন্দ্র বসাক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, মৃত ব্যক্তি প্রায় ২৭ বছর বয়সী একজন মুসলিম যুবক। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মরদেহের ছবি প্রকাশ করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে এটি কীভাবে ঘটেছে বা মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে নৌ-পুলিশ। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

