নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ব্যবসা এবং আওয়ামী লীগের ফ্যাসিস্ট শক্তির দোসরদের বিরুদ্ধে কথা বলতে তিনি কখনোই পিছপা হবেন না। এসব অপকর্মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যদি কারও আপত্তি থাকে, তাহলে তাদের নিজেদের আত্মসমালোচনা করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। স্ট্যাটাসে তিনি নারায়ণগঞ্জের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, চাঁদাবাজি, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সহিংসতা, আওয়ামী লীগের সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে বিতর্ক এবং বিএনপি ও ছাত্রদলের একাংশের নেতাদের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন।
স্ট্যাটাসের শুরুতেই আব্দুল্লাহ আল আমিন দাবি করেন, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললেই বিএনপি ও ছাত্রদলের কিছু নেতার প্রতিক্রিয়া দেখা যায়। অথচ ৫ আগস্টের পর নারায়ণগঞ্জে বাস ও টেম্পুস্ট্যান্ড এবং ব্যবসায়ীদের কাছ থেকে কারা চাঁদাবাজি করেছে, তা সবারই জানা।
ফতুল্লার একটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, গার্মেন্টসে আগুন দেওয়ার হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে পুলিশের মামলায় গ্রেপ্তার এবং দল থেকে বহিষ্কৃত রিয়াদ চৌধুরীকে যারা নেতা হিসেবে অনুসরণ করেন, তাদের সেই অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের বিষয়টি উল্লেখ করে এমপি আল আমিন বলেন, বিএনপির দুই পক্ষের গোলাগুলিতে এক ১০ বছর বয়সী মাদ্রাসাছাত্র গুলিবিদ্ধ হওয়ার মতো ঘটনা ঘটেছে। কিন্তু এসব সন্ত্রাসের সমালোচনা করলে একটি মহল ক্ষুব্ধ হয়ে ওঠে। একই সঙ্গে ঝুট সন্ত্রাসের মামলায় কারাভোগ করা এক ছাত্রদল নেতার বক্তব্য নিয়েও সমালোচনা করেন তিনি।
বিবৃতিতে তিনি আরও অভিযোগ করেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডাকাতদের বিরুদ্ধে কথা বললে আপত্তি ওঠে, অথচ তাদেরই দলীয় পদ দেওয়া হচ্ছে। পাশাপাশি আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানদেরও কেউ কেউ নেতা হিসেবে মেনে নিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
আব্দুল্লাহ আল আমিন বলেন, নারায়ণগঞ্জে নিরীহ শিশুদের শহীদ হওয়ার পরও শেখ হাসিনার পক্ষে অবস্থান নেওয়া এবং গণআন্দোলনকে ‘তাণ্ডব’ বলার অভিযোগে অভিযুক্ত হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় বিএনপির কিছু নেতার আপত্তি দেখা যায়। তিনি দাবি করেন, সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি ওই ব্যক্তিকে কলেজ থেকে বের করে দেওয়ার পর উল্টো তাকেই ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে।
চাঁদাবাজির ঘটনায় দলীয় নেতাদের বিরুদ্ধে নেওয়া সাংগঠনিক ব্যবস্থার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তার ভাষ্য, চাঁদাবাজির অভিযোগে একজন এমপির ছেলে বহিষ্কৃত হয়েছেন, আটক হয়েছেন এবং যুবদলের এক সাধারণ সম্পাদককে শোকজ করা হয়েছে। কিন্তু এসব ঘটনায় কারও লজ্জা না থাকলেও সেসব বিষয় প্রকাশ্যে এলে অনেকে অস্বস্তি বোধ করেন।
স্ট্যাটাসে তিনি আরও লেখেন, “চাঁদাবাজকে চাঁদাবাজ, গুন্ডা-সন্ত্রাসীকে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীকে মাদক ব্যবসায়ী, আওয়ামী লীগের লোককে আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টের দোসরকে ফ্যাসিস্টের দোসর বললে যদি কারও গায়ে লাগে, তাহলে নিজেদের সংশোধন করুন। গুন্ডামি করে লাভ নেই।”
নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে আব্দুল্লাহ আল আমিন বলেন, নারায়ণগঞ্জে তার বিরুদ্ধে ১৭টি রাজনৈতিক মামলা হয়েছিল। গ্রেপ্তারের পর রিমান্ডে পুলিশি নির্যাতনে তার ডান হাত ভেঙে দেওয়া হয়েছিল এবং দীর্ঘদিন চিকিৎসাবঞ্চিত অবস্থায় কারাগারে থাকতে হয়েছিল। সে সময় বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এবং ডিআইটি পীর মাওলানা আব্দুল আউয়ালের সঙ্গে তিনি কারাবন্দি ছিলেন বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “সেই কঠিন সময়েও শেখ হাসিনাকে ভয় করিনি, ওসমান পরিবারের তোষামোদ করিনি। এখন গণঅভ্যুত্থানের পর অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে দ্বিধা করব— এমনটি যারা ভাবছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আমরা কারও পরোয়া করি না।”
স্ট্যাটাসের শেষাংশে এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট শক্তি ছাড়া গণতান্ত্রিক আন্দোলনের অন্য কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে তাদের শত্রুতা নেই। বরং যারা দীর্ঘদিন গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে ছিলেন, তাদের প্রতি সম্মান রয়েছে। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী যেকোনো চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি কিংবা অন্যায়ের বিরুদ্ধে ভবিষ্যতেও সোচ্চার থাকবেন বলেও তিনি জানান।

