এম.এ. হাশেম ইয়াতুন নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ মহামানব এবং সর্বকালের শ্রেষ্ঠ শিক্ষক। তাঁর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে সমাজ ও জাতি গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এম.এ. হাশেম ইয়াতুন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “আমরা শিক্ষক। শিক্ষক পরিচয় নিয়েই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। সর্বকালের শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ শিক্ষক। আল্লাহতায়ালা তাঁকে নির্বাচিত করেছেন এবং জ্ঞান দান করেছেন।”
তিনি বলেন, মানুষের জীবন-জীবিকার জন্য বিভিন্ন ধরনের পেশা রয়েছে। তবে শিক্ষকতা একটি মহান ও সম্মানজনক পেশা। সর্বশ্রেষ্ঠ মহামানব যখন শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন, তখন এ পেশায় যারা নিয়োজিত রয়েছেন, তারা নিঃসন্দেহে একটি মহান দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া হলে একটি জাতি এগিয়ে যায়। যে দেশ ও জাতি শিক্ষকদের সম্মান করে এবং তাদের সুযোগ-সুবিধার বিষয়ে গুরুত্ব দেয়, তারা সঠিক কাজটিই করে। একইভাবে জাতির প্রত্যাশা পূরণে শিক্ষকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শিক্ষার গুরুত্ব তুলে ধরে গিয়াসউদ্দিন বলেন, একজন শিক্ষককে প্রথমে নিজেকে শিক্ষিত ও জ্ঞানী হতে হয়। এরপর অর্জিত জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে হয়। মানুষ যা জানে না, তা জানার প্রক্রিয়াই শিক্ষা। আর শিক্ষার মাধ্যমেই জ্ঞান অর্জন সম্ভব।
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক অগ্রবাণী পত্রিকার সম্পাদক স্বপন চৌধুরী, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের সহকারী অধ্যাপক আবু তাহের, আবু তালেব, উমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল (বালক)-এর প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল (বালিকা)-এর প্রধান শিক্ষক কাজী ফারহানা আক্তার, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল (প্রাইমারি)-এর প্রধান শিক্ষক মোহাম্মদ শামীম মিয়া, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলের প্রধান শিক্ষক হালিমা বেগম, দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মনিরুজ্জামান মুকুল, খাদিজাতুল কোবরা মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক আয়েশা আক্তার, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও বিডিবির পরিদর্শক মো. মহিম উদ্দিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা।
অনুষ্ঠানে এম.এ. হাশেম ইয়াতুন নেছা ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিনকেও সম্মাননা দেওয়া হয়।

