নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মাজহারুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি, প্রতিপক্ষের মারধর ও গলা চেপে ধরার কারণে তিনি মারা গেছেন। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং অভিযোগের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সুলতানসাদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাজহারুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে।
স্থানীয় সূত্র ও নিহতের স্বজনরা জানান, একই এলাকার হযরত আলীর ছেলে পারভেজ, বকুল, সোহেল, হানিফ এবং নুরুল ইসলাম ভান্ডারীসহ কয়েকজনের সঙ্গে মাজহারুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে বুধবার রাতে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
নিহতের ছেলে তরিকুলের অভিযোগ, সংঘর্ষের সময় প্রতিপক্ষের লোকজন তার বাবাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারার পাশাপাশি গলা চেপে ধরেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

