নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটকের চেষ্টা করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি, মোবাইল ফোন, ব্যাগ ও অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হলেও পরে অভিযানে বেশিরভাগ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুই নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আড়াইহাজার থানার এএসআই মামুনুর রশিদের নেতৃত্বে একটি টহল দল বালিয়াপাড়া বাজার এলাকায় দায়িত্ব পালনকালে দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামানোর চেষ্টা করে। এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করতে এগিয়ে যায়।
অভিযোগ রয়েছে, এ সময় স্থানীয় কয়েকজন মাদক কারবারি ও তাদের সহযোগীরা পুলিশের কাজে বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা পুলিশের একটি ওয়াকিটকি, কয়েকটি মোবাইল ফোন, একটি ব্যাগ এবং অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নেয় বলে দাবি করেছে পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা পাশের একটি খেলার মাঠে গিয়ে আশ্রয় নেন। সেখানে উপস্থিত খেলোয়াড়রা তাদের সহযোগিতা করলে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
খবর পেয়ে পুলিশ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া ওয়াকিটকি, একটি মোবাইল ফোন এবং পুলিশের ব্যবহৃত একটি কটি উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ীদের সহযোগী হিসেবে অভিযুক্ত দুই নারীকে আটক করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

