নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এলাকার স্বল্প আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও তাদের প্রকৃত চাহিদা নিরূপণের লক্ষ্যে ‘জেন্ডার সংবেদনশীল বহুমাত্রিক দারিদ্র্য পরিমাপ’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) নগর ভবনের সম্মেলন কক্ষে নাসিকের আয়োজনে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশনের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে স্বল্প আয়ের মানুষের প্রকৃত সমস্যা, প্রয়োজন ও জীবনমানের বাস্তব চিত্র উঠে আসবে। জরিপ থেকে প্রাপ্ত তথ্য ভবিষ্যতে সিটি কর্পোরেশনের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়নে কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নাগরিক সেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে ওয়াসার পানির লাইন না থাকায় দীর্ঘদিন ধরে বাসিন্দারা দুর্ভোগে ছিলেন। বিষয়টি বিবেচনায় নিয়ে নগরীর ২৭টি ওয়ার্ডে মোট ৫৪টি সাবমার্সিবল পাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসন্ন বাজেট প্রসঙ্গে প্রশাসক বলেন, বাস্তবভিত্তিক ও নির্ভুল তথ্যের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করা গেলে নগর উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর হবে।
প্র্যাকটিক্যাল অ্যাকশনের প্রকল্প ব্যবস্থাপক তাহমিদ হোসেন বলেন, প্রকল্পের আওতায় বস্তি ও বস্তিবহির্ভূত নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার নানা চ্যালেঞ্জ চিহ্নিত করা হবে। জরিপে সংগৃহীত তথ্য ভবিষ্যতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উন্নয়ন পরিকল্পনা ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সহায়ক হবে।
কর্মশালায় জানানো হয়, অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের অর্থায়নে এবং ইন্টারন্যাশনাল উইমেনস ডেভেলপমেন্ট এজেন্সির সহযোগিতায় এক বছর মেয়াদি এ প্রকল্প বাস্তবায়ন করবে প্র্যাকটিক্যাল অ্যাকশন। প্রকল্পটির তত্ত্বাবধানে থাকবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
প্রকল্পের আওতায় স্বল্প আয়ের মানুষের খাদ্য, আবাসন, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, কর্মসংস্থানসহ ১৮টি মৌলিক চাহিদা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে, যা নগর পরিকল্পনা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সহায়ক হিসেবে ব্যবহৃত হবে।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল উইমেনস ডেভেলপমেন্ট এজেন্সির ইকুয়ালিটি ইনসাইটসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অ্যামেলিয়া গ্রিভস, প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম, আরবান রেজিলিয়েন্স লিড শামসুল আরেফিন, প্রোগ্রাম ম্যানেজার ফরিদউজ্জামান স্বপন, প্রকল্প ব্যবস্থাপক তাহমিদ হোসেনসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

